রাজশাহীর মেয়রের উপস্থিতিতে হাতাহাতি, আহত ৫
রাজশাহী সিটি করোপরেশনে একটি অনুষ্ঠানে একটি বক্তব্যকে কেন্দ্র করে দুটি পক্ষের হাতাহাতিতে তিন নারী কাউন্সিলরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেয়রের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
আহতরা হলেন নারী কাউন্সিলর মুসলিমা বেলী, নুরুন্নাহার বেগম ও নাসিরা বেগম, অফিস সহায়ক আহামদ্দুন নবী ও শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের মালি জালাল উদ্দিন।
এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় সম্প্রতি ঘটে যাওয়া দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য দেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন।
তিনি বক্তব্যে শ্রমিকদের আন্দোলনকে ‘জঙ্গিদের মতো’ বলায় তার প্রতিবাদ ওঠে।
তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেটি প্রত্যাহার করার দাবি জানান রাজশাহী সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুনসহ ১১ দফা দাবির সঙ্গে জড়িত শ্রমিকরা।
এক পর্যায়ে মেয়রের উপস্থিতিতেই মারামারি শুরু হয়।
মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তাদের দাবি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও হয়েছে। দাবির প্রেক্ষিতে ১৫ ভাগ বেতন বৃদ্ধি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের আরও ১০ টাকা করে বেশি বেতন নির্ধারণ করা হয়েছে।
মেয়র আরও বলেন, “মতবিনিময় সভায় শ্রমিকরা যেভাবে নারী কাউন্সিলরদের উপরে হামলা চালিয়েছে তা এক ধরনের ধৃষ্টতা। ঘটনার সঙ্গে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
