২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান সরকারকে গাজীপুরে আদালতের সমন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘কটূক্তি’ করার মামলায় গণজাগরণ মঞ্চ নেতা ইমরান এইচ সরকারসহ তিনজনের নামে সমন জারি করেছে গাজীপুরের একটি আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 08:30 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকার, কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে গত ৩১ মে গাজীপুর আদালতে মামলাটি দায়ের করেন।

গাজীপুর জজ আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, তাদের নামে আগেই সমন জারি ছিল। বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল।

“সমন ফেরত না আসায় আদালত ফের সমন জারির আদেশ দেয়।”

আগামী ২৩ অক্টোবর আসামিদের সশরীরে আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের আদেশ দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক রবিউল।

মামলা নথি থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি  অপসারণ করে অন্যস্থানে প্রতিস্থাপন করার বিরুদ্ধে গত ২৬ মে গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ হতে টিএসসি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।

ওই মিছিলে সনাতন উল্লাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেন এবং মিছিলরত ২০-২৫ জন শ্লোগানে সুর দেন। এছাড়া ২৬ মে রাতে বাদী তার ফেইসবুকেও উক্ত শ্লোগান দেখেন ও শোনেন।

বাদ আর্জিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ১১৪ ধারায় মামলা করেন।

একই অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীও গত ৩১ মে এমরানের বিরুদ্ধে মামলা করেন ঢাকার একটি আদালতে। ওই মামলায় আদালতে হাজির হয়ে তিনি জামিন নিয়েছেন।