২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চান: রিজভী

জোর জবরদস্তি করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 07:03 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

বুধবার যশোরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা জানেন তিনি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না। তাই জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান।

“কিন্তু আগামী নির্বাচন এভাবে করতে চেষ্টা করবেন না। জনগণ আপনাকে সেই কাজ করতে দেবে না।”

তিনি বলেন, দুয়েকবার জুলুম করে জয় পাওয়া যায়; কিন্তু পুনরাবৃত্তি করা যায় না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়-সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

ওয়ান ইলেভেনে মাইনাস টু ফর্মুলার সময় শেখ হাসিনা ছেলের কাছে চলে গিয়েছিলেন উল্লেখ করে রিজভী বলেন, “খালেদা জিয়া দেশ, জনগণ ও মাটির টানে হিমালয়ের মতো অটল ছিলেন। বন্দুকের নলও তাকে টলাতে পারেনি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশোভনীয় উক্তি করেন বলেও মন্তব্য করেন রিজভী।

“বর্তমান প্রধানমন্ত্রীর কাজ সম্মানিত মানুষদের চিমটি দেওয়া, কটুক্তি করা; যা অশোভনীয়, শিষ্টাচারবহির্ভূত।”

প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।