২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৬৬ স্কুলে পানি, অন্য স্থানে পাঠদান

ভবন ও মাঠে পানি ওঠায় সিরাজগঞ্জে ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকল্প পথে চলছে শিক্ষার্থীদের পাঠদান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 06:40 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজা বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয় ভবন ও মাঠে পানি ওঠায় পার্শ্ববতী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ভবনে ক্লাস চালু রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ১৩৯টি বিদ্যালয়ের মাঠে এবং ২৭টির ভবন অভ্যন্তরে পানি উঠেছে। এ কারণে পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ভবনে কষ্ট করে হলেও ক্লাস চালু রাখতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

“ক্ষেত্রভেদে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়ি ও উঁচু স্থানের অস্থায়ী ভবনেও শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। তবে উপস্থিতির হার কমে গেছে।”

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, এসব বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলার পাঁচটি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর নদী ভাঙনের কবলে পড়ে কাজিপুর উপজেলার ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়ে গেছে।

এদিকে যমুনার পানি বিপৎসীমার উপরে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বৃহস্পতিবার যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান।