সাংবাদিক শিমুল হত্যা: ৯ আসামির মালমাল জব্দ
আদালতের নির্দেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগভুক্ত পলাতক আসামিদের মালমাল জব্দ শুরু করেছে পুলিশ।
বুধবার শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা এ কথা জানান।
তিনি বলেন, শিমুল হত্যা মামলার অভিযোগভুক্ত পলাতক আসামিদের মালমাল জব্দ করার জন্য সোমবার আদালত নির্দেশ দেয়।
“মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত পলাতক ২৪ আসামির মধ্যে ১২ জনের বাড়িতে অভিযান চালানো হয়। নয়জনের বাড়ি থেকে মালামাল জব্দ করা হয়েছে। অন্য তিনজনের বাড়িতে অভিযান চালিয়ে কোনো মালামাল পাওয়া যায়নি।”
পর্যায়ক্রমে বাকি ১২ জনের মালমালও জব্দ করা হবে বলে জানান পরিদর্শক রাকিবুল।
আব্দুল হাকিম শিমুল
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর আরেক ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় গত ২ মে মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করে। পলাতক ২৪ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে।
