২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাকর্মীদের রেশনের সাড়ে তিন টন গমসহ আটক ১

গাজীপুরের কাশিমপুর কারাগারের রক্ষীদের বিক্রি করে দেওয়া সাড়ে তিন টন রেশনের গম ‘পাচারের’ সময় এক পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 09:39 AM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, শনিবার বিকেলে কোনাবাড়ি এলাকায় পিকআপটি আটক করা হয়।

আটক চালক সেলিম মিয়া পুলিশকে বলেছেন, কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. রুকন উজ্জামান ওই গম টঙ্গীর ব্যবসায়ী মাসুদ মোল্লার কাছে পৌঁছে দেওয়ার জন্য পিকআপটি ভাড়া নিয়েছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর কারারক্ষী রুকন উজ্জামান গম পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কাশিমপুরের চারটি কারাগারের সুপার, জেলার, সুবেদার, সার্জনসহ সংশ্লিষ্ট কর্মীরা প্রতিমাসে রেশন হিসেবে বিভিন্ন পরিমাণে চাল, ডাল, চিনি, গম ও তেল পান। তাদের অনেকেই নিজেদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য বাইরে বিক্রি করে দেন।

“আমি তাদের বাহক হিসেবে বাইরের ব্যবসায়ীদের কাছে ওইসব মালামাল বিক্রি করি। তারা রেশনের এসব পণ্য বিক্রি করে সংসারের প্রয়োজনীয় অন্য জিনিসপত্র কেনেন।”

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের-২-এর সুপার প্রশান্ত কুমার বণিকের সঙ্গে কথা বলে জানা যায়, কারাগারের কর্মীরা পরিবারে সদস্য সংখ্যার ভিত্তিতে রেশন হিসেবে কমপক্ষে ১২ কেজি গম, ১২ কেজি চাল ছাড়াও তেল, চিনি ও ডাল পান।

সুব্রত কুমার বালা বলেন, “তারা নিজেদের জন্য প্রয়োজনীয় পরিমাণ সামগ্রী রেখে বাড়তি মালামাল বিক্রি করে দেয়। এটা অন্যায় বা অবৈধ কি-না তা জানা নেই।” 

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জব্দ করা গম জয়দেবপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

রোববারের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”