বাস খাদে পড়ে সিরাজগঞ্জে চালক নিহত
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বাস খাদে পড়ে চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাসানপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান।
নিহত জাহাঙ্গীর আলম (৪০) হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের কয়েকজন কর্মী নিয়ে বাসটি উল্লাপাড়ার দিকে যাচ্ছিল।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।
