রূপগঞ্জে রাসায়নিক কারখানায় গ্যাস নিঃসরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাস নিঃসরণে শিশু-নারীসহ অর্ধ-শতাধিক লোক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার বিকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার ‘ওয়াটা কেমিক্যাল’ নামে ওই কারখানার গ্যাস পাইপ ফেটে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান।
তিনি বলেন, “ওয়াটা কারখানার গ্যাসের লাইনের লিকেজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ছিল।ওই কারখানার লোকজন গ্যাসের পাইপ লাইন মেরামত করেছে।”
এলাকাবাসী জানায়, বুধবার বেলা ৩টার দিকে কারখানার গ্যাসের পাইপ থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লেনারী ও শিশুসহ অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে।
তাদের অভিযোগ, ওয়াটা কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক উৎপাদন করা হয়। রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন বিষাক্ত গ্যাস ছাড়া হয়। আর এ বিষাক্ত গ্যাসে মঙ্গলখালী, কাটাখালী, মোকিব নগর, পাবই, ঠাকুরবাড়ীরটেক, বানিয়াদি এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
গ্যাসে অসুস্থ মনিরুজ্জামান রাতুল ও নিলুফা আক্তার জানান, কারখানার বিষাক্ত গ্যাসে তাদের শ্বাস কষ্ট, চোখ জ্বালাপোড়া, মাথা ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
গ্যাস নিঃসরণের কথা স্বীকার করে কারখানার জেনারেল ম্যানেজার আবু তাহের ভূইয়া বলেন, “গ্যাসের পাইপ হঠাৎ করে লিক হয়ে যাওয়ার কারণে গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে এলাকার মানুষের কিছু সমস্যা হয়েছে। গ্যাস পাইপ লাইনের লিকেজ সারানো হয়েছে।”
