গাজীপুরে জেএমবির ৩ ‘সদস্য’ আটক
গাজীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির তিন ‘সক্রিয় সদস্যকে’ আটক করেছে র্যাব।
বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মুহিত কবীর সেরনিয়াবাত।
এরা হলেন মো. আজিজুল হাকিম (৩৪), মো. হাসান আলী (৩৬) ও মো. কামরুল হাসান (৪২)।
এদের বিরুদ্ধে ২০০৫ সালে সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
এসময় ওই বাড়ি তল্লাশি করে রাষ্ট্রবিরোধী নীতিমালা সম্বলিত বই, বেশ কিছু বেআইনী বই, তাদের নিজ হাতে লেখা কিছু নোট খাতা উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা মুহিত কবীর বলেন, আজিজুল নিজ বাড়িতে দুই ভাড়াটিয়াকে নিয়ে জঙ্গি সংক্রান্ত কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। গোপন খবরে বুধবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
“বাড়ির মালিক আজিজুল জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি এ কাজের সঙ্গে যুক্তদের বাড়ি ভাড়া দিয়ে বিভিন্ন সময় তাদের নিয়ে জঙ্গি সংক্রান্ত কার্যক্রম চালিয়ে আসছিলেন।”
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
