অটো চালককে হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
গাজীপুরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।
বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক চার বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, কালিয়াকৈরের জাথালিয়া এলাকার আমির হামজার দুই ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন।
রায় ঘোষণার সময় আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত থাকলেও দেলোয়ার পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।
এ ছাড়া দস্যুতার অভিযোগে অন্য একটি ধারায় আসামিদের সবাইকে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জমিরানা, অনাদায়ে আরও তিন মাস সাজা দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের অটো চালক হায়দার আলী ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন।
পরদিন কালিয়াকৈর রতনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হায়দারের বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ঢাকার সিআইডির পুলিশ পরিদর্শক নজমুল হক তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত এ মামলার বিচারকাজ শুরু করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিজ উদ্দিদন আহমেদ জানান।
