গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে
গাজীপুরের আলোচিত গৃহবধূ নুশরাত জাহান টুম্পা হত্যা মামলার প্রধান আসামি স্বামী সোলায়মান মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোলায়মান মিয়া গাজীপুর সিটি করপোরেশনের ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এর আগে মঙ্গলবার সকালে সোলায়মান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
টুম্পার বাবা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোলায়মান স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে রাজধানীর উত্তরার একটি বাসায় থাকতেন।
“ওই বাসা থেকে গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে অচেতন অবস্থায় টুম্পাকে উদ্ধার করা হয়। তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে।
“পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান- টুম্পাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”
এ ঘটনায় ওই বছরের ২০ সেপ্টেম্বর নজরুল ইসলাম বাদী হয়ে সোলায়মানসহ ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
সোলায়মানের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় টুম্পাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
