কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোহরাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার আলম (৩৩) ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
চেয়ারম্যান মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রাত থেকে থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে জমে থাকা পানি সরিয়ে দিতে কোদাল নিয়ে কাজ করছিলেন মনোয়ার।
“একপর্যায়ে বাড়ির পেছনের পাহাড় ধসে তিনি মাটিচাপা পড়েন। স্বজনরা মাটি সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।”
লাশ বাড়িতে দাফনের অপেক্ষায় রয়েছে বলে জানান চেয়ারম্যান মোস্তফা।
