মাদক ব্যবসা ছাড়লেন এক পরিবারের ৮ জন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক পরিবারের আট সদস্য।
রোববার আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ সুপার মিজানুর রহমান জানান।
এরা হলেন- উপজেলার উত্তর নোয়ামোড়া গ্রামের তিন ভাই বাছির মিয়া, ইবন মিয়া, নাসির মিয়া, বাছিরের স্ত্রী হাসেনা বেগম, বাছিরের আরেক ভাই জীবন মিয়ার স্ত্রী সাহেনা বেগম, ইবন মিয়ার স্ত্রী নয়ন তারা, নাসিরের মেয়ে কবিতা ও বাছিরদের ভগ্নিপতি দারু মিয়া।
পুলিশ সুপার মিজানুর জানান, ওই পরিবারের আট সদস্য মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে দুপুরে আত্মসমর্পণ করেছে। তাই তাদের যথাযথ ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
“ওই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে ৩৬টি মাদক মামলা রয়েছে। অন্যরা সবাই মাদক ব্যবসায় জড়িত ছিলেন।”
