টেকনাফে যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফে সাগরপাড়ে ঘুরতে যাওয়া এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান জানান।
নিহত জাফর আলম (২২) সাবরাং ওই এলাকার উলা মিয়া ওরফে উলাইয়া মিস্ত্রির ছেলে।
তার স্বজনদের বরাত দিয়ে ওসি মাঈনুদ্দিন বলেন, জাফর রাতে এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে সাগরপাড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“তবে কী কারণে, কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
