গাজীপুরে দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেয়াল চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বিকালে শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ ইসলাম সোহান (১০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং চন্নপাড়া সামা মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
সোহানের বাবা সাইফুল ইসলাম বলেন, তাদের পৈত্রিক বাড়ি গফরগাঁও হলেও শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে জমি কিনে বাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
“শুক্রবার বিকাল ৫টার দিকে সোহান তাদের বাড়ি সংলগ্ন নির্মাণাধীন একটি দেয়ালের পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ ওই বাড়ির দেয়াল ধসে পড়লে সে গুরুতর আহত হয়।”
তার চিৎকারে এলাকাবাসী গিয়ে উদ্ধার করে স্থানীয় মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান সাইফুল।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, দেয়াল চাপায় স্কুল ছাত্র নিহতের খবর শুনেছি। এ ব্যাপারে কোনো গাফিলতি বা অনিয়মের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
