২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে প্রতিমা ভাংচুর

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় একটি মন্দিরে আটটি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত হামলাকারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 08:11 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

বৃহস্পতিবার গভীর রাতে চাপাইর সার্বজনীন দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভৈরব চন্দ্র সাহা জানান, মন্দিরের তত্ত্বাবধায়ক প্রতিমার কারিগর শান্তি গোপাল পাল ওই মন্দিরের ভেতরে বসে প্রতিমা নির্মাণ করেন এবং ওইসব প্রতিমা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন।

শান্তি গোপাল জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মন্দিরে বসে প্রতিমার কাজ সেরে তিনি বাসায় চলে যান। শুক্রবার সকালে গিয়ে দেখেন মন্দিরে থাকা আটটি প্রতিমা কে বা কারা ভেঙে ফেলে রেখেছে। ক্ষতিগ্রস্ত প্রতিমার মধ্যে লক্ষ্মীর দুইটি, সরস্বতীর দুইটি, গণেশের দুইটি এবং কার্তিকের দুইটি মূর্তি রয়েছে।

সন্ধ্যায় কমিটির সদস্যরা বসে এ ব্যাপারে মামলার সিদ্ধান্ত নেবেন বলে ভৈরব সাহা জানান।

ভৈরব বলেন, গত বছরও পাশের বুড়া-বুড়ি মন্দিরে প্রতিমার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। তার এক বছর আগে একই মন্দিরে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। এসব ঘটনায় পুলিশে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।

বর্তমানে তারা ওই এলাকায় পূজা করতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কায় আছেন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।

এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।