টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে স্বস্তি
গাজীপুর অংশের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানযট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদযাত্রীরা।
রোববার সকাল থেকে গাড়ি কম থাকায় মহাসড়কগুলো অনেকটই ফাঁকা ছিল। পাশাপাড়ি শনিবার রাতে বেশিরভাগ মানুষ গন্তব্য ছাড়ায় যাত্রী সংখ্যাও কম ছিল।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির ওসি আব্দুল হাই বলেন, ঈদে ঘরমুখো মানুষদের অধিকাংশই শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে গাজীপুর ছেড়ে গেছেন। ফলে সকাল থেকে মহাসড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
এর আগে যারা গাড়ি না পেয়ে যাত্রা করতে পারেননি, তারা রোববার স্বস্তিতে বাড়ি যেতে পারছেন বলে জানান তিনি।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি হোসেন সরকার বলেন, “মহাসড়কে যেন হরতাল পরিস্থিতি চলছে। হরতালে ভাংচুরের ভয়ে চালক-মালিকরা যেমন রাস্তায় গাড়ি কমিয়ে দেয়, রোববার সকালে যেন তেমন অবস্থায় বিরাজ করছিল।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, জিরানীতে অন্য দিনগুলোতে গাড়ির লম্বা টেইল হলেও রোববার সকালে ওই স্পটগুলোতে গাড়ির গতি স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
মাওনা মহাসড়ক থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোবার সকালে কোন দুর্ঘটনা নেই, যানজটও নেই। স্মুথলি গাড়ি চলছে। কোথাও কোনো সমস্যা নেই।”
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, গত তিনদিনে ঘরমুখো মানুষেরা ঈদ করতে যার যার গন্তব্যে গিয়েছেন। ফলে রোববার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যান কমে গেছে।
“ফলে অন্য সাধারণ দিনের চেয়েও রোববার সকালে মহাসড়কগুলোতে যানজট কমছিল। মানুষ নির্বিঘেœ নিরাপদে বাড়ি ফিরতে পারছেন।”
এদিকে, ঈদের তিনদিন আগে থেকে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মহাসড়কগুলোতে পণ্যবাহী যান ছাড়া ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও গাজীপুরের মহাসড়কগুলোতে ট্রাক ও লরি চলাচল করতে দেখা গেছে।
ট্রাকগুলোতে পণ্যের পাশাপাশি মানুষ বহন করা হচ্ছে বলেও সরেজমিনে দেখা গেছে।
ভোগড়া বাইপাস সড়কে গাড়ির অপেক্ষায় থাকা বগুড়াগামী যাত্রী আবু সাইদ বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অপেক্ষা বাসে উঠতে না পেরে তাই তিনি ট্রাকে চড়েছেন। ভাড়া দিতে হয় ৩০০ টাকা।
বগুড়াগামী ট্রাকের এক চালক বলেন, “দুইদিন আগে সিরাজগঞ্জ থেকে পণ্য নিয়ে ঢাকার বাড্ডায় যাই। সেখানে মাল খালাস করে রোববার সকালে উত্তরবঙ্গ ফিরছি। পথে মানুষ গাড়ি পাচ্ছিল না বলে তাদের পরিবহন করছি।”
ঈদের তিনদিন আগে ট্রাক চলাচল নিষিদ্ধ তা তিনি জানতেন না। তবে তাকে রাস্তায় কোনো বাধায় পড়তে হয়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, “সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হয়ত ট্রাক চলাচল কমানো যেত। কোথাও বিআরটিএ-এর মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে কিনা আমার জানা নেই।”
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন গাজীপুরে বিআরটিএর পাঁচটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
