গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে বিএনপি।
রোববার দুপুরে ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা।
রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় ওই হামলায় মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আঘাত পেয়েছেন।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো কায়েস প্রমুখ।
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে যাওয়ার পথে ফখরুলের গাড়িবহরে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
সেইসঙ্গে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
