সিরাজগঞ্জে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের মধ্যে একজন পিকআপ ভ্যানটির চালকের সহকারী এবং অন্যজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক আলমগীর হোসেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আশিক (২২)।
ওসি দাউদ জানান, বগুড়া থেকে ঢাকামুখী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান সেতুর ওপর উঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির চালক ও তার সহকারী এবং দুই ব্যবসায়ী আহত হন।
উদ্ধারের পর গুরুতর আহত অবস্থায় তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
“আহত দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
