তাড়াশে ‘উত্ত্যক্ত’ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
সিরাজগঞ্জের তাড়াশে উত্ত্যক্ত হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি অতিরিক্ত গ্যাস-ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান চিকিৎসক মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন।
গৃহবধূর স্বজনরা জানান, তার স্বামী তাড়াশ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সোহেল রানার কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছেন। এরপর থেকে সোহেল তার স্বামীকে তাগাদা না দিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে তাগিদ দিতেন। পরে তিনি ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন।
প্রতিনিয়ত উত্ত্যক্ত হওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মসম্মান রক্ষার্থে গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ।
তাড়াশ থানার ওসি মঞ্জুর রহমান বলছেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ পদক্ষেপ নেবে।
