সাজাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে রোহিঙ্গাসহ ১৯ জন
মিয়ানমারের বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে এক রোহিঙ্গা ও ১৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।
ফেরত আসাদের মধ্যে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি।
এরা হলেন, কক্সবাজারের ফজল করিম, আবু বক্কর, মোহাম্মদ ইসমাইল, সৈয়দ হোসেন, নুরুল হুদা, টেকনাফের নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের সি ব্লকের আবদুস শুক্কুর, সিরাজগঞ্জের হারুন শেখ, মোহাম্মদ কামরুল, জয়পুরহাটের আনিসুর রহমান, লাল মোহাম্মদ, বগুড়ার জাহেদুল ইসলাম, তাজুল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, হোসেন আলী, ঢাকার সোহেল খান, নরসিংদীর শাহেদুল ইসলাম, পাবনার হৃদয় হোসেন, হবিগঞ্জের ইসহাক মিয়া ও সুনামগঞ্জের প্রদীপ ছত্রধর।
প্রতিনিধি দলে বিজিবি ছাড়াও পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মিয়ানমারের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক উ থান সুয়ে।
বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, ২০১৫ সালের দিকে নয় জন জেলে এবং ১০ জন সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী হাতে আটক হয়।
ফেরত আনা ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
ফেরত আসা আবু বক্কর বলেন, নাফ নদীতে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় তিন বছর আগে তাকে ধরে নিয়ে যায়।
শাহেদুল ইসলাম বলেন, এলাকার এক দালালের প্রলোভনে পড়ে তিন বছর আগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়েন তিনি।
