নারায়ণগঞ্জে বৃদ্ধার লাশ, ছেলেকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ভাড়াটিয়া দম্পতি হত্যা করেছে বলে ছেলের অভিযোগ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান, পশ্চিম জালকুড়ি এলাকার বাড়ি থেকে বুধবার রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হতা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত জাহানারা বেগম (৭০) ওই এলাকার ফরহাদ আলীর স্ত্রী ও সুমন প্রধানের মা।
“ওই দম্পতি জাহানারাকে হত্যা করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে সুমনের অভিযোগ। তবে সুমন ভাড়াটিয়াদের নাম-পরিচয় বলতে পারেননি।”
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন ওই বাড়িতে ভাড়াটিয়া থাকার কোনো আলামত পাননি।
তিনি বলেন, “সুমনের ভাষ্যমতে, যে ঘরে জাহানারার লাশ পাওয়া গেছে সেটা ভাড়াটিয়ার ঘর। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে বাসায় ভাড়াটিয়া ছিল এমন কোনো আলামত পাওয়া যায়নি। আশপাশের লোকজনও এ বাসায় কোনো ভাড়াটিয়া দেখতে পায়নি।
“সুমন প্রধান নিহত জাহানারার একমাত্র ছেলে। পুলিশ ছেলে ও আশপাশের ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদসহ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।”
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
