২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢলে শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণের ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 09:51 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

বুধবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত টানা বর্ষণে ও পাহাড়ি ছড়ার পাড় ভেঙে পানি প্রবেশ করে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা প্লাবিত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।

সহস্রাধিক বাড়ি ঘরে পানি উঠে নষ্ট হয়েছে মূল্যবান জিনিসপত্র। সেইসঙ্গে স্রোতে ভেঙে গেছে শ্রীমঙ্গলের বিভিন্ন রাস্তা।

শ্রীমঙ্গল সবুজ বাগ এলাকার রুপম তরফদার, যিশু মালাকার, বীরেন্দ্র মালাকার জানান, এ নিয়ে এ গত আড়াই মাসে পাঁচ বার তাদের এলকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠল।

সকাল থেকে টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয় শ্রীমঙ্গল সবুজবাগ, লালবাগ, মুসলিমবাগ, শাপলা বাগ, শাহীবাগ, রুপসপুর, সুরভী পাড়া, সন্ধানী, জেটি রোড, উত্তর ভাড়াউড়া, বিরামপুর, বসুন্ধরা, সিন্দুর খান রোডসহ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে।

পূর্ব শ্রীমঙ্গল এলকার সুশান্ত দাশ জানান, পানির স্রোতে ও পাহাড়ি ঢলে ভেসে আসা বালিতে নষ্ট হয়েছে রোপা আমন।

এদিকে বার বার জলাবদ্ধতায় প্রাকৃতিক কারণের পাশাপাশি মানব সৃষ্ট কারণ রয়েছে বলে জানালেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম।

তারা জানান, শ্রীমঙ্গল শহরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বেশ কয়েকটি পাহাড়ি ছড়া। এই ছড়ার দুই পাড় দখল করে ছড়াগুলোকে সংকুচিত করা হয়েছে।

বালিতে ছড়ার তলদেশ ভরাট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শহরও শহরতলিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বাড়ি ঘর নির্মাণও জলাবদ্ধতার অন্যতম কারণ বলেও মনে করছেন তারা।