চাচি হত্যায় ভাতিজার প্রাণদণ্ড
নারায়ণগঞ্জে দুই বছর আগে চাচিকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহার বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফাহিম আহমেদের বাড়ি সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকায়।
মামলার বিবরণে বলা হয়, ঢাকার একটি ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ফাহিম বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য দুই সহপাঠী সৈকত ও ইফতির কাছ থেকে টাকা ধার নেয়।
পরে ওই টাকা পরিশোধ করার জন্য তার চাচি সাহেদা বেগমের কাছে পাঁচ হাজার টাকা চান।
সাহেদা ঘটনাটি জানার পর ফাহিমের মাকে বলে দেওয়ার হুমকি দেন। এ কারণে ফাহিম তাকে হত্যার পরিকল্পনা করেন।
এরপর ২০১৫ সালের ২৯ জানুয়ারি রাতে সাহেদার ঘরে ঢুকে তার মুখে বালিশ চাপা দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফহিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমিন আহমেদ জানান, এ ঘটনায় সাহেদার স্বামী কবির হোসেন বাদী হয়ে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় মামলা করেন।
পুলিশ ফাহিমকে গ্রেপ্তার করলে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন বলে জানান তিনি।
