২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ থেকে ২ জেলেকে ‘নিয়ে গেছে বিজিপি’

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 05:46 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে আনোয়ার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নাফনদীর এক নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে নৌকাসহ বিজিপি তাদের ধরে নিয়ে গেছে।

এরা হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ কাশিমের ছেলে নুর কামাল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে আবদুল করিম (৩২)।

তবে বিষয়টি কেউ বিজিবিকে জানায়নি বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়।

মোহাম্মদ কাশিম বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরত না আসায় তারা খোঁজ খবর নেওয়া শুরু করেন। তখন অন্য জেলেরা জানিয়েছে দুইজনকে ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরতে হলে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা দিয়ে মিয়ানমারের বাহিনীর কাছ থেকে বিশেষ একটি টোকেন নিতে হয়। টেকনাফ পৌর এলাকার মমতাজ মিয়া এ টোকেন দেন।

“টোকেন নেওয়ার পরও নুর কামালকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি ওই দালাল এবং বিজিবিকে জানানো হয়েছে।”

টোকেন দেওয়ার কথা স্বীকার করে মমতাজ মিয়া বলেন, জেলেদের মঙ্গলের জন্য মাধ্যম হয়ে তিনি এ কাজটি করেন। কিন্তু তারপরও কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি জানতে যোগাযোগ করা হচ্ছে।

তবে বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া বিষয়টি কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।