২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে ব্যাপক জলাবদ্ধতায় সিলেট

বর্ষা আসার মুখে ভারি বর্ষণে সিলেট নগরের বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে। ব্যাপক জলাবদ্ধতায় নগরীর অন্তত ৫০টি এলাকার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 05:31 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

সরেজমিনে দেখা যায়, নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড় এলাকা পানিয়ে তলিয়ে গেছে।

এছাড়া নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, বারুতখানা, সোবহানীঘাট, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়াসহ নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।

কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি। কোনো কোনো এলাকায় বাসা বাড়িতেও পানি উঠেছে; পানি উঠেছে দোকান-পাটে।

রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পানি ভেঙে তাদের চলাচল করতে হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিলেটে ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোবহানীঘাট এলাকার রুবেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন ছড়া-খাল দখলমুক্ত ও সংস্কার না হওয়ায় প্রতি বর্ষাতেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় নগরবাসীকে।

পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হিসেবে সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট বড় ১২টি ছড়া ও খাল।

এর মধ্যে রয়েছে ধুবড়ি ছড়া, গুয়ালি ছড়া, মালনীছড়া, ভূবিছড়া, বারুতখানাছড়া, মির্জাজাঙ্গালছড়া, কেওয়াছড়া, বৈঠাছড়া, গাভিয়াল খাল, রত্মার খাল।

এক সময় এসব ছড়া-খাল দিয়ে বর্ষা মৌসুমে বড় বড় নৌকা চলত। মানুষ যাতায়াত করত দূর-দূরান্তে। কিন্তু এখন এগুলোর অস্তিত্ব আছে শুধু সিটি কর্পোরেশনের মানচিত্রে।

ছড়াগুলো এখন সংকীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে ছড়া ও খালের কোনো অস্তিত্বই নেই। ছড়া ও খালের উভয় পাশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। অনেকে আবার পুরো ছড়া ভরাট করেই দালান নির্মাণ করেছে।

দরগা গেইট এলাকার আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুষ্ক মৌসুমে ছড়া উদ্ধার ও জলাবদ্ধতা নিয়ে সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা না থাকলেও প্রতি বছর বর্ষা মৌসুমের আগে তড়িঘড়ি করে ছড়া সংস্কারের কাজ শুরু হয়।

সেই কাজ শুরুর আগেই বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত এ তোড়জোড় নগরবাসীর কোনো কাজে আসে না।”

ছড়া ও খাল দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, নগরীর ছড়া সংস্কারে কাজ হচ্ছে প্রতি বছরই। কিন্তু দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাবে এটা তেমন কাজে আসে না।

তিনি বলেন, সম্প্রতি একনেকে নগরীর ১১টি ছড়া-খাল উদ্ধার করতে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। ইতিমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। এ প্রকল্পের কাজ জুলাইয়ে শুরু হবে।

এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমে আসবে বলে আশা করছেন তিনি।