কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গায় কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে।
হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম জানান, সোমবার রাত ১২টার দিকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কোনো যাত্রী নিখোঁজ আছেন কিনা সে বিষয়ে এসআই শহীদুল কিছু বলতে পারেননি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পানির নিচে ট্রলারটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহীদুল বলেন, ঢাকার সোয়ারিঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি কামরাঙ্গীরচরের উদ্দেশে রওনা হয়। ওয়াইজঘাট এলাকায় গিয়ে কচুরিপানায় ট্রলারের পাখা আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এ সময় পেছন থেকে একটি কার্গো এসে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ অসেনি।
এদিকে মঙ্গলবার বেলা ১০টার দিকে ট্রলারটির অবস্থান শনাক্ত করার পর তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই শহীদুল।
