২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল: ‘সার্ভিস ছাড়া’ মাসুল আদায়  

যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে নির্ধারিত মাসুল আদায় করা হলেও প্রয়োজনীয় যাত্রীসেবা না দেওয়ার অভিযোগ ‍উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 01:04 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীদের জন্য গত ৩ জুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালটি খুলে ‍দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, দেশের বৃহত্তম এই স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে পর্যাপ্ত বসার জায়গা, বিশুদ্ধ পানি, হুইল চেয়ার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নেই। আছে কেবল শৌচাগার।  

কিন্তু এন্ট্রি ফি, ওয়েটিং চার্জ, সার্ভিস চার্জ, টারমিনাল চার্জ এবং তার উপর ১৫ শতাংশ ভ্যাট মিলে যাত্রীদের দিতে হচ্ছে ৩৮ টাকা ৭৬ পয়সা।

এছাড়া ৩৮ টাকা ৭৬ পয়সার রশিদ দেওয়া হলেও যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। ওই বাড়তি টাকা কোথায় যাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের।

বন্দরের কম্পিউটার অপারেটর কামরুল হাসান জানান, নির্মাণের প্রায় চার বছর পর ২ জুন নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খান টার্মিনালটির অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ২০১৩ সালের ২৩ অগাস্টে ভবনটি আরেকবার তিনি উদ্বোধন করেছিলেন।

কামরুল বলেন, “বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) শামীম সোহানা ২০১৬ সালের ১১ ডিসেম্বর ৩৩৮ নম্বর স্মারকে বেনাপোল স্থলবন্দরকে ২০১৭ সালের ট্যারিফ কার্যকর ও বাস্তবায়ন প্রসঙ্গে একটি চিঠি পাঠান। সে মোতাবেক ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে এই চার্জ আদায়ের নির্দেশনা ছিল। কিন্তু অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন না হওয়ায় টার্মিনালটি ছয় মাস বন্ধ ছিল।”

এদিকে ৩৮ টাকা ৭৬ পয়সার স্থলে ৪০ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক আদায়কারী বলেন, যাত্রীরা খুচরা টাকা দিতে না পারাই এমনটি করা হচ্ছে। বাড়তি টাকার কী হবে তা স্যারেরা জানেন।

ঢাকার শাহিন আকতাব বলেন, “টার্মিনালে আমাদের ৩৮ টাকা ৭৬ পয়সার রশিদ দেওয়া হচ্ছে; অথচ ৪০ টাকা রাখা হচ্ছে। ভারত কোনো ভ্রমণ কর নেয় না। বাংলাদেশ সরকার নেয় ৫০০ টাকা হারে। এরপর নতুন করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় জুলুমের নামান্তর।”

সাভারের নবীনগর এলাকার আফছানা আফরিন পাপড়ি বলেন, “এখানে নেই পর্যাপ্ত বসার জায়গা, পর্যাপ্ত টয়লেট, ব্যাগ বহনের ট্রলি, বিশুদ্ধ খাবার পানি, নেই খাবারের কোনো ক্যান্টিন। অথচ সেবার নামে টার্মিনাল চার্জ আদায় করা হচ্ছে।”

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম যাত্রীদের কাছ থেকে টাকা আদায়কে ‘সরকারের সিদ্ধান্ত’বলে উল্লেখ করে বলেন, “এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। তবে খুব তাড়াতাড়ি পর্যায়ক্রমে সব সুবিধা নিশ্চিত করা হবে।”

পাশাপাশি অতিরিক্তি চার্জ আদায়ের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে করা হবে বলে জানান তিনি।