টেকনাফে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
কক্সবাজারের টেকনাফে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে সাতজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান।
দগ্ধরা হলেন জাহাজপুরার হেদায়তুর রহমানের ছেলে ছৈয়দুর রহমান (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ শাহাজাহান (২৩) ও জাফর আলম (১৮), মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০) ও আবু সিদ্দিক (৫০), আব্দুল মজিদের ছেলে ছৈয়দুল আলম (২৬) এবং এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০)।
আহতদের মধ্যে ছৈয়দুর রহমান, মোহাম্মদ শাহাজাহান ও জাফর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে টিনের বেড়া হওয়ায় দোকানে আগুন ধরেনি বলে জানান দোকানের মালিক কায়সার হামিদ।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, সাতজনের শরীরের বিভিন্ন অংশে ২০-৩৫ শতাংশ পুড়ে গেছে।
ছৈয়দুর রহমান, মোহাম্মদ শাহাজাহান ও জাফর আলম বেশি দগ্ধ হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দোকানের মালিক কায়সার হামিদ হলেন দগ্ধ মোহাম্মদ শাহাজাহান ও জাফর আলমের ভাই। ওই সময় তিনি দোকানের বাইরে ছিলেন বলে অক্ষত আছেন।
