২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিক্ষককে মারধর, মামলা দায়ের

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুল শিক্ষকের উপর হামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 08:07 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।

আহত পরিমল চন্দ্র রায় গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বুধবার রাতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন পরিমল।

কে এ হামলা করেছে তা বলতে না পারলেও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে পরিমলের ধারণা।

পরিমল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানের ছুটিতে বিদ্যালয় বন্ধ ছিল। শিক্ষকদের শূন্য পদের একটি তালিকা তৈরি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর জমা দেওয়ার শেষ তারিখ ছিল বুধবার।

শেষদিন ওই তালিকা তৈরি করে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আহসান বেলুর স্বাক্ষরের জন্য তার বাড়ি যান বলে পরিমল জানান।

“কিন্তু নাজমুল আহসানকে বাড়ি না পেয়ে সভাপতির স্বাক্ষর ছাড়াই আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে তালিকাটি জমা দিয়ে মোট সাইকেলে লতিফপুরে বাড়ি ফিরছিলাম।”

তিনি বলেন, বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নারায়লপুর গ্রামের নতুন বাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের তিনজনকে দাঁড়ানো দেখতে পান তিনি। পরে পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে দুইজন আরোহী তার মোটরসাইকেলে গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।

“এরপর কোনকিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে এলোপাথাড়ি কিল, ঘুষি মেরে ফেলে দেয়। ডাক চিৎকারে করলে গলায় ব্লেড ধরে প্রাণ নাশের হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাদের চিনতে পারেননি বলে জানান তিনি।

তবে এ হামলার পেছনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আহসান বেলু বেপারীর নির্দেশ থাকতে পারে বলে ধারণা করছেন পরিমল।

পরিমল বলেন, “একজনকে ‘অবৈধভাবে’ নিয়োগের ব্যাপারে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন সভাপতি সাহেব। তাতে আমি রাজি হইনি। এ নিয়ে তার সাথে বিরোধ সৃষ্টি হয়।”

এ ব্যাপারে নাজমুল আহসান বেলু বেপারি বলেন, প্রধান শিক্ষকের উপর হামলার কথা শুনেছি। কোর্টে আমার মামলার তারিখ থাকায় কোনো খোঁজ নিতে পারিনি।

এ ঘটনায় জড়িত থাকার ব্যাপারকে তিনি ‘হাস্যকর’ দাবি করে বলেন, ওই সড়কে প্রায় সময়ই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যও হতে পারে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর থানার ওসির সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।”

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

“বিদ্যালয় পরিচালনা পরিষদের কোনো এক সদস্যের সাথে অর্থ লেন-দেন নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”