কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় বলে জানান কাশিমপুর কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন।
মৃত কামাল হোসেন জুয়েল (৪০)পিরোজপুরের কাউখালী উত্তরবাজার এলাকার মৃত আব্দুল মান্নান সরদারেরছেলে । ২০০৮ সালে রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড হয় তার।
আনোয়ার হোসেন বলেন, জুয়েল গত বছর ২৫ মার্চ থেকে কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে সেহেরি খাওয়ার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন।
“পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
