সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাড়িতে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মামার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
নিহত শাহিন (২৪) উপজেলার গান্দাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের লোকমান আলী শেখের ছেলে।
কাজিপুর থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে শাহিনের মামা আব্দুস সালাম সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল।
“রাতে শাহিন ও তার মামা তাদের বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় সালামের শ্বশুর বাড়ির লোকজন সেখানে হামলা চালিয়ে শাহিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ রাতেই শাহিনের লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
