২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরে স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় পুলিশের এক উপপরিদর্শক ও তার মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 07:24 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

গাজীপুরের নারী ও শিশু র্নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে এলাহি ভুঁইয়া গত ২৫ মে এ আদেশ দিলেও এতদিন তা প্রকাশ হয়নি।  

পরোয়ানাভুক্ত হয়েছেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার এসআই এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জামাল উদ্দিনের ছেলে মো. আসাদুজ্জামান ও তার মা আনোয়ারা ইয়াসমিন।

মামলার বিবরণে বলা হয়, আসাদুজ্জামানের সঙ্গে ২০১৩ সালের ৪ জুলাই গাজীপুর নগরীর চত্বর এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে তাহমিনা আক্তারের বিয়ে হয়। এরপর থেকে আসাদুজ্জামান বিভিন্ন সময় স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

বিয়ের পর জাহাঙ্গীর ১১ লাখ টাকা খরচ করে আসাদুজ্জামানকে টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার ও আসবাবপত্র কিনে দেন বলে মামলায় বলা হয়।

জাহাঙ্গীরের মামলায় আরও অভিযোগ করা হয়, পরে আসাদুজ্জামান বাড়ি তৈরির জন্য টাকা দাবি করলে আরও ১৫ লাখ ২৯ হাজার টাকায় গাজীপুর নগরীর নীলেরপাড়া এলাকায় মেয়েকে জমি কিনে দেন জাহাঙ্গীর।

পরবর্তী সময়ে আসাদুজ্জামান ফ্ল্যাট কেনার জন্য আরও ৫০ লাখ টাকা দাবি করলে তা দেওয়া হয়নি। তখন এই এসআই তাহমিনা উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বাদীর আইনজীবী খোরশেদ আলম জানান, এ বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি আপসের চেষ্টা করা হলে তাহমিনাকে রেখে দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে চলে যান আসাদুজ্জামান।

“পরবর্তীতে শিলা নামের এক মেয়েকে বিয়ে করেন এসআই আসাদুজ্জামান। ওই সংসারে একটি মেয়েও রয়েছে। বিষয়টি জানার পর তাহমিনা আক্তার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।”

তিনি বলেন, এ বিষয়ে জয়দেবপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

পরে জাহাঙ্গীর বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসাদুজ্জামানসহ তার বাবা, মা, দ্বিতীয় স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি তদন্ত করেন গাজীপুরের সিনিয়র সহকারী জজ (লিগাল এইড) ইসমেত জিহান। গত ২১ মে দেওয়া প্রতিবেদনে তিনি আসাদুজ্জমান ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান।