যুবলীগ নেতা খুন: আ. লীগ নেতাসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার ভোরে নিহতের ছোট ভাই ফাহাদ হোসেন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়রে আরও ২০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম জানান।
মামলায় সাভার পৌর সভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, জমির মালিক ফেলু মিয়া, তার ছেলে শাহজাহান মিয়া, দখল চেষ্টাকারী আব্দুল কাদেরসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পরিদর্শক সাইফুল বলেন, মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন মোল্লার জামসিংয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।
জামসিং টেউটি এলাকার আব্দুল কাদের ও যুবলীগ নেতা ফয়সার তাদের ২৫/৩০ জন সহযোগী নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাটপাড়া ব্রিজের পাশে ফেলু মিয়ার ৪১ শতাংশ জমি দখল করতে যান। ফেলু মিয়া, তার ছেলে শাহজাহান, ভাই ইয়াকুবসহ পরিবারের সদস্যরা তাদের প্রতিরোধ করেন।
এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল (৩৪) নিহত হন। সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
