গাজীপুরে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রোজাউল জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি মেলান্দহ সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ইজ্জতপুর এলাকার রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন জানান।
রেজাউলের চাচা জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল কিছুদিন আগে গাজীপুরের টঙ্গীর থানার গাজীপুরা এলাকায় তার বড় ভাই আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে যান। টঙ্গী রেল স্টেশন থেকে শনিবার বিকাল ৪টার দিকে কমিউটার ট্রেনে করে তার বাড়ি ফেরার কথা ছিল।
ওইদিন দুপুর আড়াইটার দিকে মামাতো ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় রেজাউলের। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান তিনি।
এএসআই দেলোয়ার বলেন, সকালে রেজাউলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
রেজাউলেল সঙ্গে থাকা কলেজের একটি পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। এ ছাড়া ৩ জুনের কেনা টঙ্গী-দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের একটি টিকিটও পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, “লশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। মাথা ও ডান কাছে জখমের চিহ্ন দেখে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
