গোপালগঞ্জে বিদ্যুতের ফাঁদে দিনমজুর নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘেরে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলার দক্ষিণ হিজলবাড়ি গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ (২৮) ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে।
ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘেরের মাছ চুরি ঠেকাতে ওই গ্রামের নূর মোহাম্মদ শেখ ঘেরপাড়ে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখেন।
“সকালে ঘেরে কাজ করতে গিয়ে সোহাগ ওই তারের স্পর্শে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
