২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরায় কক্সবাজারে ‘৫০ হাজার’ বাড়িঘর বিধ্বস্ত

ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে পঞ্চাশ হাজারের বেশি ঘরবাড়ি ও কয়েক হাজার একর জমির সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

শংকর বড়ুয়া রুমি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 10:02 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

ঘূর্ণিঝড় কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় অসংখ্য গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি গাছচাপায় চারজন এবং সাগর থেকে ফেরার সময় পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

সাগরে চারটি ট্রলারসহ অন্তত ৭১ জন জেলে নিখোঁজ হয়েছিল, যাদের মধ্যে মঙ্গলবার রাতে দুইটি ট্রলারসহ ২৫ জনকে উদ্ধার করেছে নৌ-বাহিনী ও কোস্টগার্ড।

জেলা প্রশাসনের তথ্যমতে, মোরার আঘাতে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টেকনাফের সেন্টমার্টিন, সাবরাং ও সদর ইউনিয়নসহ কয়েকটি এলাকায়।

মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় মোরা সেন্টমার্টিনসহ কক্সবাজারের বিভিন্ন উপকূলে আঘাত হানার পর স্থলভাগের কাছাকাছি পৌঁছতেই দুর্বল হতে শুরু করে এবং অতিক্রমের সময় এ ক্ষয়ক্ষতি হয় বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোরার আঘাতে জেলায় অন্তত ৫২ হাজার ৫৩৯টি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ২৩টি সম্পূর্ণভাবে এবং ৩৫ হাজার ৫১৬টির আংশিক ক্ষতি হয়। তাছাড়া ১৭ হাজার ৯২ একরের বেশি গ্রীষ্মকালীন সবজীক্ষেত ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

“ঘূর্ণিঝড়টির আঘাতে জেলার বিভিন্ন এলাকাজুড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি গাছচাপায় মারা যায় শিশুসহ চার জন এবং ঝড়ের সময় ফেরার পথে সাগরে ট্রলার থেকে পড়ে মারা যান এক জেলে। এছাড়া সোমবার রাতে কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

গাছচাপায় নিহতরা হলেন চকরিয়া উপজেলার সিকদারপাড়া গ্রামের নুরুল আলমের স্ত্রী সায়েরা খাতুন (৬৫), ডুলহাজারার আব্দুল জব্বারের ছেলে রহমত উল্লাহ (৪৫), কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামের শাহজাহানের মেয়ে শাহিনা আক্তার (১০) এবং পেকুয়া উপজেলার উজানটিয়ার আজিজুর রহমানের ছেলে আব্দুল হাকিম (৬৫)। কুতুবদিয়ায় ঝড়ের সময় সাগরে ট্রলার থেকে পড়ে মারা যান এক জেলে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া আশ্রয়কেন্দ্রে মারা যান মরিয়ম বেগম (৫৫)।

জেলা প্রশাসক বলেন, জেলাব্যাপী ক্ষয়ক্ষতির এ পরিসংখ্যান প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরির কাজ চলছে। এরপর ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পাওয়া যাবে।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যেই তালিকাটি চূড়ান্ত হবে বলে আশা করছেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ও পরে তাৎক্ষণিকভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষ এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ১১০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা। এছাড়া ৭০০ প্যাকেট খাদ্য সামগ্রী, ৩ হাজার কেজি চিড়া ও ২০০ কেজি গুড় কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়ায় বিতরণ করা হয়েছে।

“মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় নৌ-বাহিনীর একটি জাহাজে করে পাঁচ হাজার প্যাকেট বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী টেকনাফের সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।”

তাছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার চাহিদার আলোকে পর্যাপ্ত পরিমাণ চাল ও আর্থিক বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান আলী হোসেন।

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে কক্সবাজার পৌর এলাকায় এক হাজারের বেশি বসত বাড়ি সম্পূর্ণভাবে এবং আড়াই হাজারের বেশি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। 

তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই জেলা প্রশাসকের কার্যালয় ভবনসহ পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অন্তত ৫০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। দুর্গত মানুষদের মাঝে সোমবার রাত থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত প্রশাসনের কাছ থেকে সাহায্যসহ পৌরসভার পক্ষ থেকেও শুকনো খাবার, খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

এছাড়া ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরি করে প্রশাসনের কাছে দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান মাহবুবর।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (সমিতি পাড়া) বাসিন্দা আতিকুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়ের আঘাতে আমার বসতবাড়িটে সম্পূর্ণভাবে ভেঙে গেছে। প্রশাসনের পক্ষ থেকে তিনি সহায়তা পাইনি।”

একই অভিযোগ করেন কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার নুরবানু, কুতুবদিয়াপাড়ার আব্দুর রহিম ও ফদনারডেইলের আব্দুর রহমান।

কুতুবদিয়ার ইউএনও সুজন চৌধুরী বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজনের মালিকানাধীন চারটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে সাগরে নিখোঁজ হয়। এসব ট্রলারে অন্তত ৭১ জন জেলে ছিল। এদের অধিকাংশই কুতুবদিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

“মঙ্গলবার গভীর রাতে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সহায়তায় কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায় সাগরে ভাসমান অবস্থায় দুইটি ট্রলারসহ ২৫ জন জেলেকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অন্য জেলেরা।” 

জেলা প্রশাসক আলী হোসেন জানান, প্রাথমিকভাবে তৈরি ক্ষয়ক্ষতির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরি হলেই চাহিদা মতো ত্রাণ সামগ্রীর জন্য মন্ত্রণালয়ের কাছে অবহিত করা হবে।

তবে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।