২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামল কান্তির ঘুষের মামলা: বিচার বিভাগীয় তদন্ত দাবি

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষের মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার সন্ধ্যায় কমিটির কার্যকরী সদস্য আসাদুল হক সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এবি সিদ্দিক এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, অভিযোগ করলেই সকল ক্ষেত্রে যেমন অভিযুক্ত হয় না আবার অভিযোগ করার প্রক্রিয়াটিও বিবেচনায় আনতে হয়। অভিযোগ হলো- শ্যামল কান্তি ভক্ত ওই শিক্ষিকার কাছ থেকে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন। আর অভিযোগ দায়ের করেন ২৭ জুলাই ২০১৬ সালে।

“স্বাভাবিকভাবেই কি প্রশ্ন উঠতে পারে না যে দেড় বছর উনি কি মামলা করার সময় পেলেন না? এমনকি ডিসি সাহেবকেও এই সময়ের মধ্যে বিষয়টি জানাতে পারতেন না?”

এতে আরও বলা হয়, কিন্তু ইসলাম ধর্মের কথিত অবমাননার জন্য কান ধরে উঠবস করানো ও থাপ্পর মারার অভিযোগে সাংসদের বিরুদ্ধে শ্যামল কান্তি মামলা করার পর ওই শিক্ষিকা অবিযোগ আনলেন।

বিবৃতিতে আরও বলা হয়, শ্যামল কান্তি ঘুষ নিয়ে থাকলে এবং অভিযোগকারিনী ঘুষ দিয়ে থাকলে উভয়ে সমান অপরাধী। উভয়ে অবশ্যই শাস্তি পেতে বাধ্য। তাই বর্তমান প্রেক্ষাপটে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন আর তা কেবল সম্ভব উচ্চ পর্যায়ের শক্তিশালী বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে।

বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে এমপিওভুক্ত করে দেয়ার নামে শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

শ্যামল কান্তিকে গত বছরের ১৩ মে তারই স্কুলে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শারীরিক নির্যাতন ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা ঘটে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে।

এরপর ২৭ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, এক ছাত্রকে মারধর এবং এক শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে তিনটি মামলার আবেদন নারায়ণগঞ্জের আদালতে জমা পড়ে।

প্রাথমিক শুনানি করে আদালত প্রথম দুটি মামলার আবেদন খারিজ করে দিলেও ঘুষের অভিযোগের বিষয়টি বন্দর থানা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেয়।

এ মামলার বাদী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগমের অভিযোগ, চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার কথা বলে ২০১৪ সালে তার কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েও প্রধান শিক্ষক শ্যামল কান্তি তা করে দেননি।