২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুদকের গণশুনানি, ২ জনকে বরখাস্তের সুপারিশ

দুর্নীতির অভিযোগ ওঠার পর ময়মনসিংহের মুক্তাগাছায় দুই সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্তের সুপারিশ করেছে দুদক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2017, 07:52 PM

Updated : 11 Apr 2022, 11:38 PM

এরা হলেন-উপজেলা হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক মিনহাজ আলী ও সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মাসুদুর রহমান মাসুম।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলকারনাইন এ কথা জানান।

তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় আর কে মডেল হাই স্কুল মাঠে উপজেলার উপজেলা সমাজ সেবা অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, হিসাবরক্ষন অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও প্রকৌশল অফিসের সেবাসহ বিভিন্ন বিষয়ে গণশুনানি হয়।

“এতে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ভুয়া দাখিলায় জমি রেজিস্ট্রিতে সহযোগিতা, দলিলের নকল নিতে হয়রানী এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক মিনহাজ আলীর বিরুদ্ধে পেনশন ভোগীদের কাছ থেকে ঘুষ নেওয়া ও অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ আসে।”

পরে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ তাদের এ সাময়িক বরখাস্তের সুপারিশ করেন বলে জানান।

গণশুনানিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি স্বপন কুমার দাস, দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, দুদক পরিচালক মো. মনিরুজ্জামান, টিআইবির পরিচালক মো. জসীম উদ্দিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।