২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রলীগের হামলায়’ নারায়ণগঞ্জে রবীন্দ্রজয়ন্তী পণ্ড

নারায়ণগঞ্জে মহানগর ছাত্রলীগের হামলায় একটি সাংস্কৃতিক সংগঠনের রবীন্দ্রজয়ন্তী পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 10:45 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করেছে, যার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ।

বুধবার বিকালে নগরীর চাষাঢ়া শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আলোচক ছিলেন রফিউর রাব্বি।

সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু অভিযোগ করেন, “রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের ক্যাডাররা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।”

পুলিশের উপস্থিতিতে হামলার এ ঘটনা ঘটে বলে দাবি করে তিনি বলেন, হামলার সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

হামলায় সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হলে তাদের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

হামলার কথা অস্বীকার করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ বলেন, “এখানে আমরা কোনো হামলার ঘটনা ঘটাইনি।

“রাব্বি শহীদ মিনারে বিভিন্ন অনুষ্ঠানে এসে বিভ্রান্তিকর বক্তব্য দেন। এ কারণে আমরা বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছি। তাকে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে কোনোভাবেই শহীদ মিনারে উঠতে দেওয়া হবে না।”

পুলিশও এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “উন্মেষের নেতাকর্মীরা আসার আগেই ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে কোনো হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটলেও কেউ কোনো অভিযোগ দেয়নি।”