আতিয়া মহলের দুই মামলার তদন্তে পিবিআই
সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, মামলা দুটির তদন্ত করছিল মোগলাবাজার থানা পুলিশ। সদর দপ্তরের নির্দেশে মঙ্গলবার মামলা দুটি পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে।
পিবিআই এর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বলেন, “মামলার নথি ও আলামত বুঝে পেয়েছি। তদন্ত কর্মকর্তা নিয়োগ করে শিগগিরই কাজ শুরু করা হবে।”
জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে গত ২৪ মার্চ ভোরে দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহল ঘিরে ফেলেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরদিন সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত বাড়িটি ঘিরে চলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের ‘অপারেশন টুয়াইলাইট’।
এ ঘটনায় ২৭ মার্চ মোগলাবাজার থানার এস আই শিপলু দাস অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। আর আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এস আই সুহেল আহমদ বাদী হয়ে অপর মামলাটি করেন।
