বিয়ানীবাজারের প্রথম মেয়র হলেন আ.লীগের আব্দুস শুকুর
পৌরসভা ঘোষণার প্রায় ১৬ বছর পর প্রথম নির্বাচনে বিয়ানীবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুস শুকুর।
স্থগিত হওয়া ৩ নম্বর ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষে সোমবার শুকুরকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন।
মনির হোসেন জানান, শুকুর পেয়েছেন পাঁচ হাজার ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির আবু নাসের পিন্টু পেয়েছেন তিন হাজার ৮৯২ ভোট।
গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ওই কেন্দ্রে দুই প্রার্থীর ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
২০০১ সালে বিয়ানীবাজার ইউনিয়ন ও মোল্লারপুর ইউনিয়নের অংশবিশেষ নিয়ে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। সে সময় প্রশাসক নিয়োগ করা হয় বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তফজ্জুল হোসেনকে। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে মামলা জটে ভোট আটকে থাকে ১৬ বছর।
