কক্সবাজারের মেরিন ড্রাইভ উদ্বোধন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শনিবার।
এরপর এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
প্রশাসন জানিয়েছে, শনিবার সকালে ৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ এ সড়কটি উদ্বোধনের জন্য কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি মেরিন ড্রাইভ ছাড়াও সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুই যুগ আগে ১৯৯৩ সালে শুরু হওয়া এ সড়ক প্রকল্পের কাজ শেষ হয় এ বছর এপ্রিল মাসে। এখনও সৌন্দর্যবর্ধনের কিছু কাজ অবশিষ্ট থাকলেও কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত শেষ হয়েছে যানবাহন চলাচল উপযোগী নির্মাণকাজ।
পাহাড়, সাগর আর নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য গড়া এত দীর্ঘ ও অবিচ্ছেদ্য সমুদ্র সড়ক পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই বলে জানিয়েছেন সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন (ইসিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নের মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, সড়কটির নির্মাণকাজ শুরু হয় ১৯৯৩ সালে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মাণকাজ শুরু হলেও ১৯৯৪ সালে প্রকল্পটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকল্পটি পুনরায় সেনাবাহিনীর ইসিবির কাছে হস্তান্তর করা হয়। এরপরই নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয় প্রকল্পটির নির্মাণকাজ।
তিনি বলেন, তিন ধাপে এ সড়কটির প্রথম পর্যায়ের কলাতলী থেকে ইনানী পর্যন্ত ২৪ কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয় ২০০৮ সালে। দ্বিতীয় পর্যায়ে ইনানী থেকে শিলখালী পর্যন্ত আরও ২৪ কিলোমিটারের কাজ সম্পন্ন হয় ২০১৬ সালের জুন মাসে। তৃতীয় পর্যায়ে শিলখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৩২ কিলোমিটারের কাজ শেষ হয় এ বছর এপ্রিল মাসে।
“তৃতীয় পর্যায়ের ২০১৫ সালে শুরু হওয়া নির্মাণকাজের কার্যাদেশের শেষ সময় ছিল আগামী ২০১৮ সাল পর্যন্ত। কিন্তু নির্দিষ্ট সময়ের এক বছর আগেই কাজ শেষ হয়।”
মেহেদী বলেন, কাজের বিভিন্ন পর্যায়ে সেনা সদস্যদের নানাভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে রাস্তাটি প্রতিনিয়ত ভাঙ্গনের মুখে পড়া ছিল মূল প্রতিবন্ধকতা। অন্যদিকে বর্ষা মৌসুমে পাহাড়ি পানির ঢলে প্রায়ই রাস্তাটির নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়। ফলে সড়কের ভেঙ্গে যাওয়া অংশ প্রতিনিয়ত পুনর্নির্মাণ করতে হয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় নির্মাণ সামগ্রী পৌঁছানোও ছিল কষ্টসাধ্য।
প্রকল্পের জমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক নির্মাণকাজে এক হাজার ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কক্সবাজারের ইউনিট ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ৮০ কিলোমিটারের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠায় এ অঞ্চলের অধিবাসীদের জন্য অর্থনৈতিকভাবে অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল, যা স্থানীয় জনগণের জন্য আর্থ-সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“এতে স্থানীয় জনগণের জীবনমান উন্নতির পাশাপাশি বৃদ্ধি পাবে কর্মসংস্থান ও শিক্ষার হার; গড়ে উঠবে নানা অবকঠামো। এছাড়া বেড়ে যাবে প্রাকৃতিক সম্পদ আহরণের পাশাপাশি মৎস্য প্রকল্পেরও উন্নয়ন। সড়কটি স্থানীয় বাসিন্দাদের লবণাক্ততা ও প্রাকৃতিক জলোচ্ছ্বাসের হাত থেকেও রক্ষা করবে।”
সড়কটি দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সড়কটি চালু হওয়ার পর দেশি-বিদেশি পর্যটকের আগমনের সংখ্যাও বাড়বে উল্লেখযোগ্য হারে। সড়কটি নির্মিত হওয়ায় টেকনাফের সাবরাংয়ে প্রস্তাবিত ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন’ এর কার্যক্রমও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।
কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে সফল, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। তিনি কক্সবাজারে সম্পন্ন হওয়া সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং নতুন করে আরও আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ছাড়া উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হলো- কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, কক্সবাজার মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ও হোস্টেল ভবন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজের হোস্টেল ভবনসহ আরও কয়েকটি প্রকল্প।
এছাড়া নতুন করে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীতে কক্সবাজার-খুরুশকূল সংযোগ সেতু এবং টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপে ‘নাফ ট্যুরিজম পার্ক’সহ কয়েকটি প্রকল্প।
কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফলকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো কক্সবাজারকে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে নিয়েছে।
এদিকে দলীয় প্রধান ও দলের সভানেত্রী শেখ হাসিনার কক্সবজার সফরকে কেন্দ্র করে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে আয়োজন করা হয়েছে বিশাল জনসভার। সরকারি সফরসূচি শেষে আওয়ামী লীগ নেত্রী ভাষণ দেবেন দলের জনসভায়। এ নিয়ে গত কয়েকদিন ধরে জনসভা সফল করতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভা সফল করতে জেলা থেকে তৃণমূল পর্যন্ত সকল ইউনিটের নেতা-কর্মীরা গত এক সপ্তাহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলাব্যাপী ব্যাপক পোস্টারিং, মাইকিং, গণসংযোগ, পথসভা ও হাটসভা করা হয়েছে।
