পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু
পূর্বশত্রুতার জেরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত অভি গাজী (২৭) টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির গাজীর ছেলে।
কবির সাংবাদিকদের বলেন, সোমবার রাত ৮টার দিকে কলাপাড়া পৌরশহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।
“এ সময় পেছন থেকে কয়েকজন এসে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।”
অভিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত আড়াইটায় তার মৃত্যু হয় বলে জানান কবির গাজী।
ওসি শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির গাজী ও তার ভাইয়ের পরিবারের মধ্যে জমির বিরোধ চলছে।
“বিরোধের জেরে অভির ওপর এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
