রমেল ‘হত্যার’ তদন্ত শুরু মানবাধিকার কমিশনের
সেনাসদস্যদের নির্যাতনে পাহাড়ি ছাত্রনেতা রমেল চাকমার মৃত্যুর অভিযোগ ওঠার পর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা জানান, তিন সদস্যের এ কমিটি সোমবার নানিয়ারচরের পূর্ব হাতিমারা এলাকায় রমেল চাকমার বাড়ি পরিদর্শন, তার মা-বাবা, আত্বীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য নেয়।
কমিটির প্রধান গাজী সালাউদ্দীন কমিশনের রাঙামাটির উপ-পরিচালক। অন্য সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলি উজ্জামান।
বাঞ্চিতা চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রমেল পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদের নানিয়ারচর থানার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের পূর্ব হাতিমরা গ্রামের কান্তি চাকমার ছেলে।
গত ৫ এপ্রিল নানিয়ারচরে ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় নানিয়ারচর উপজেলা সদর থেকে তাকে আটক করে সেনাসদস্যরা। তাদের নির্যাতনে রমেল অসুস্থ হন বলে অভিযোগ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।
তবে নির্যাতনের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছে সেনাবাহিনী।
এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ‘রমেল চাকমা হত্যার প্রতিবাদ কমিটি’ গঠন করে প্রতিবাদসহ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছে।
