২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমেল চাকমার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি

রাঙামাটিতে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা রমেল চাকমার মৃত্যুর কারণ বের করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2017, 06:12 PM

Updated : 19 Aug 2022, 04:25 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানায় প্রগতিশীল ছাত্রজোট।

নান্যাচর উপজেলার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

গত ৫ এপ্রিল রমেলকে সেনাসদস্যরা আটক করেছিল। এরপর পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

সেনা নির্যাতনই রমেলের মৃত্যুর কারণ দাবি করে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মসূচি দিয়েছে। অন্যদিকে নির্যাতনের অভিযোগ নাকচ করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের পরপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।

নিরাপত্তা হেফাজতে পাহাড়ি ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের পর সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। এতে জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ঐক্য পরিষদ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা অংশ নেন।

জোটের সমন্বয়ক ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ সমাবেশে বলেন, “এদেশে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই ইতিহাস হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। আজ সেনাবাহিনীর যেসকল কর্মকাণ্ড করছে, তাতে আমরা কীভাবে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে তাদের ধরে নেব?

“এই সেনাবাহিনী আজ পরিচালিত হচ্ছে পাকিস্তানের ভাবাদর্শের দ্বারা, যে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর শোষণ-নির্যাতন ঝাঁপিয়ে পড়েছিল। আজ এদেশের সেনাবাহিনী পাহাড়ি-আদিবাসীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে ধারাবাহিকভাবে।”

যে সব কর্মকর্তার বিরুদ্ধে রমেলকে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ উঠেছে, তাদের বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্র ইউনিয়ন সভাপতি।

“সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যত দ্রুত সম্ভব রমেল চাকমা হত্যাকারী সেনা কর্তকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাহাড়ের আদিবাসীদের উপর সেনাবাহিনীর নির্যাতন বন্ধ করতে হবে।”

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিও জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা বলেন, “রমেলকে নান্যাচর উপজেলা বাজার তুলে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা গুরুতর আহত করে। পরে পুলিশের হেফাজতে দিতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করলে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু রমেল মারা যান।”

পুরনো খবর:

‘সেনা নির্যাতনে’ মৃত্যুর প্রতিবাদে কর্মসূচি পাহাড়ি ছাত্র পরিষদের