২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির ‘আত্মহত্যা’ করেছেন, বলছেন চিকিৎসক

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে সাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে নানা-নানির কবরের পাশে তাকে দাফন করা হয়।

ময়নাতদন্ত দলের সদস্য রাজশাহী মেডিকেলের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাব্বির আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“তার গলায় নাইলনের দড়ির দাগ রয়েছে; তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।” 

মহানগর পুলিশ কমিশনার মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, বারীন্দ্র মেডিকেল কলেজের অধ্যাপক মনসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল সাব্বিরের ময়নাতদন্ত করেন।

নগরীর রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার সাব্বিরের মরদেহ শনিবার সকালে নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে গলায় দড়ি বাঁধা সোফায় বসা অবস্থায় উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের পর ইফতে খায়ের আলম জানিয়েছিলেন, গলায় বাঁধা নাইলনের দড়ির একটি অংশ জানালার গ্রিলের সঙ্গে বাঁধা ছিল।

অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার ওবাইদুল্লাহের ছেলে সাব্বির ৩১তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। রাজশাহী উপশহরের ২ নম্বর সেক্টরের বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামে।

এ ব্যাপারে শনিবার রাতে ওবাইদুল্লা রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

রাজপাড়া থানার ওসি আমানউল্লা জানান, ময়নাতদন্ত শেষে পুলিশ লাইন মাঠে সাব্বিরের জানাজা হয়। পরে নগরীর টিকাপাড়া গোরস্থানে নানা-নানির পাশে তার দাফন করা হয়।

পুরনো খবর:

অফিসার্স মেসে সহকারী পুলিশ কমিশনারের লাশ