বগুড়ায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক
বগুড়ায় অস্ত্র ও ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার বগুড়া সদরের বাঘোপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানান।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের লোকমান মোল্লার ছেলে বারিক মোল্লা (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরনদা গ্রামের শাজাহান আলমের ছেলে রিফাত আহম্মেদ (২২)।
বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ড জানান, গোপন সংবাদ পেয়ে বাঘোপাড়া বাজারের পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অবস্থান নেন।
“তাদের শরীরে বিশেষভাবে বাঁধা অবস্থায় দুটি আমেরিকার তৈরি পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”
তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয় বলে তিনি জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
