মৃত ব্যক্তির ‘স্বাক্ষর জাল, টাকা আত্মসাৎ’
রাজশাহী জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যুর দশ মাস পর তার ‘স্বাক্ষর জাল করে’ সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।
গত ২ এপ্রিল মৃত জিয়াউল হক টুকুর স্ত্রী নুরুন্নাহার রেলওয়ের মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও মেঘনা ব্যাংকের মহাব্যবস্থাপক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
বিষয়টি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
গত বছরের ২৪ এপ্রিল রাজশাহী গোরহাঙ্গা এলাকায় নিজের অফিসে গুলিবিদ্ধ হয়ে মারা যান জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক জিয়াউল হক টুকু।
নুরুন্নাহারের অভিযোগে বলা হয়, টুকু মারা যাওয়ার পর তার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের যাবতীয় দায়দায়িত্ব পান নুরুন্নাহার। গত বছরের ৬ জুন আদালতের মাধ্যমে তিনি জিয়াউল হক টুকুর ওয়ারিশ হিসেবে ব্যবসা দেখাশোনার দায়িত্ব পান।
এ বছরের ২৩ ফেরুয়ারি মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের নামে পশ্চিমাঞ্চল রেলওয়ের সরাঞ্জাম শাখার অধীনে একটি টেন্ডারের ১৩ লাখ ৫২ হাজার ৯৯০ টাকার একটি বিল পাস হয়।
মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের নামে ওই বিল দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের একটি চেকের মাধ্যমে। চেকটি দেওয়া হয় ১০৬০২৬ নম্বর বই থেকে। চেক নম্বর ৫৩০১২৭৬।
অভিযোগে আরও বলা হয়, কিন্তু ওই চেকটি মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের বর্তমান ওয়ারিশ নুরুন্নাহারকে দেওয়া হয়নি। অন্য কেউ মৃত টুকুর স্বাক্ষর জাল করে রেলওয়ের সরাঞ্জম শাখা থেকে ওই চেক তুলে নিয়েছে। এরপর মেঘনা ব্যাংকে মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের নামে নতুন হিসাব খুলে সেখানে চেকটি জমা দেওয়া হয় এবং পরে টাকা তুলে নেয়।
নুরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশে তিনি (নুরুন্নাহার) ওয়ারিশ হিসেবে মেসার্স প্রমিনেন্ট কন্সট্রাকশনের ব্যবসা পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আদালতের ওই আদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের সরাঞ্জাম শাখায় জমা দেওয়া হয়েছে। সে আদেশের বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের সরাঞ্জাম শাখা থেকে ব্যবসায়িক কাগজপত্রে স্বাক্ষর করার জন্য অনুমতি দিয়ে গত বছরের ১২ জুন তাকে চিঠি দেওয়া হয়। কিন্তু ওই বিলের চেক তার প্রতিষ্ঠানের নামে করা হলেও মৃত টুকুর স্বাক্ষর নিয়ে অন্যজনকে তা দিয়ে দেওয়া হয়েছে।
“এ জালিয়াতির সঙ্গে রেলওয়ের সরাঞ্জাম শাখা ও মেঘনা ব্যাংকের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। কোনো যাচাইবাছাই ছাড়াই মেঘনা ব্যাংকের কর্মকর্তারা তার প্রতিষ্ঠানের নামে হিসাব খোলার সুযোগ দিয়ে টাকা উত্তোলনের পর তা ক্লোজ করে দিয়েছেন।”
নুরুন্নাহার আরও বলেন, চেক জালিয়াতির অভিযোগ দেওয়ার পর থেকে তিনি হুমকির মধ্যে রয়েছেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে। গত ৪ এপ্রিল বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক আব্দুল হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের উপ-অর্থ উপদেষ্টা শ্যামলী রানী দাস বলেন, মৃত জিয়াউল হক টুকুর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রধান তিনি (শ্যামলী)। তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছুই বলা যাবে না।
মেঘনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, “আমি ১৯ এপ্রিল এ শাখায় যোগদান করেছি। শুক্রবার বিষয়টি শোনার পর খোঁজ খবর নিয়েছি।
“প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিল করে ব্যাংকের নিয়মের মধ্যেই জিয়াউল হক টুকুর বড় ভাই আজমুল হক সাচ্চু ওই হিসাব খুলেছিলেন; যেখানে ১৩ লাখ ৫২ হাজার ৯৯০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল। পরে সে টাকা তিনি তুলে নিয়েছেন।”
এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও জানেন বলে দাবি করেন এই ব্যাংক কর্মকর্তা।
আজমুল হক সাচ্চু বলেন, এটি পারিবারিক বিষয়। টুকুর কাছ থেকে সুজন নামে এক ব্যক্তি ১৩ লাখ টাকা পেতেন। কিন্তু টুকুর স্ত্রী সে টাকা দিতে অস্বীকার করেন। সে কারণে পরিবারের সদস্যেদের সিদ্ধান্তে টাকা তুলে সুজনকে দেওয়া হয়েছে।
এ সময় সুজনের পরিচয় ও ফোন নম্বর চাইলে এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে এ প্রতিবেদকের সঙ্গে অফিসে দেখা করতে চান আজমুল হক সাচ্চু।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নুরুন্নাহারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
