২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ফরিদপুরে নিজের ও স্বামীর ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 06:17 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

সোমবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে মামলাটি করেন তিনি।

মামলা আমলে নিয়ে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সুমন হোসেন একমাত্র আসামি ওই দম্পতির ছেলে সেলিম সরদার ওরফে মধুকে (৩৫) আদালতে তলব করেছেন বলে ওই নারীর আইনজীবী মানিক মজুমদার জানিয়েছেন।

২০১৩ সালের পিতা-মাতার ভরণ পোষণ আইনে মামলাটি করা হয় হয়েছে বলে জানান তিনি।

মামলার এজাহারের বরাত দিয়ে এ আইনজীবী জানান, বাদী জহুরা বেগমের বয়স ৬০। তার স্বামী পাচু সরদারের বয়স ৭৫। তারা মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গাজনা গ্রামের বাসিন্দা। তাদের দুই ছেলে।

“বড় ছেলে মুরাদ সরদার অনেক আগেই আলাদা হয়ে যান। তারা ছোট ছেলে সেলিম সরদারের সঙ্গে থাকতেন। ভরণ-পোষণের শর্তে ছোট ছেলে সেলিম সরদারকে বসত ভিটার জমি লিখে দেন।”

কিন্তু সেলিম সরদার গত ১৪ জানুয়ারি বিকালে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেন বলে জানান এ আইনজীবী।

তিনি বলেন, গত ১৪ এপ্রিল ওই বৃদ্ধ দম্পতি এলাকার কয়েকজনকে নিয়ে ছেলের কাছে ভরণ-পোষণ বাবদ প্রতিদিন ১০০ টাকা দাবি করেন। কিন্তু ছেলে এ প্রস্তাবও নাকচ করে দিলে মামলা করেন জহুরা বেগম।